তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
একই সময়ে এনসিপির তিন নেত্রীর ফেসবুক স্ট্যাটাসে ভিন্ন বার্তা
নিজস্ব প্রতিবেদক | সংবাদ সারাদিন
ঢাকা | ২৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে পদত্যাগ ও নির্বাচনী সিদ্ধান্তের কথা জানান তাসনিম জারা। তার এই ঘোষণার পরপরই রাতে এনসিপির তিন শীর্ষ নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক স্ট্যাটাস দেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন,
‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন,
‘আমি ওয়াদা করেছিলাম নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক, সেই ওয়াদা থেকে সরে আসবো না। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশ নিচ্ছি।’
এদিকে তাসনিম জারার ঘোষণার পর একই রাতে এনসিপির তিন নেত্রী ফেসবুকে প্রতিক্রিয়া জানান।
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পোস্টে লেখেন,
‘আমরা লড়াই ছাড়বো না। আল্লাহ সহায়।’
যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম লেখেন,
‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।’
অন্যদিকে যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু একটি বিতর্কিত স্ট্যাটাসে লেখেন,
‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয়, তাদের স্যালুট।’
তবে পোস্ট দেওয়ার কিছু সময় পরই সেটি মুছে ফেলেন তিনি।
তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে এনসিপির ভেতরের মতপার্থক্য প্রকাশ্যে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিষয়টি দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী কৌশলে কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।


















