“আমি সমকামী নই, অন্যায়ের শিকার” — হাফেজ মুনতাসির মাহমুদের হৃদয়বিদারক বক্তব্য
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাময়িক অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রীয় সংগঠক হাফেজ মুনতাসির মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতি দিয়েছেন। তাতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমকামিতার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের নীরবতার তীব্র সমালোচনা করেছেন।
মুনতাসির বলেন,
“আমি যে সমকামী বা গে মুনতাসির নই, বরং মাদ্রাসার ছাত্র হাফেজ মুনতাসির মাহমুদ—এটা এনসিপির সহযোদ্ধা ও নেতাদের স্পষ্টভাবে জানানো দরকার। ১৯ দিন আগে আমি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি, কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
তিনি অভিযোগ করেন, দলে থাকা অবস্থায় একাধিকবার অনুরোধ করার পরও নেতারা তার বিষয়ে কোনো ব্যাখ্যা বা স্পষ্ট বিবৃতি দেননি।

তার ভাষায়, “এত অন্যায়, এত মিথ্যা অপবাদ সহ্য করা সম্ভব নয়। আমাকে অন্যায়ভাবে অব্যাহতি দেয়া হয়েছে, অথচ মূল অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল।”
মুনতাসিরের দাবি, কিছু “হলুদ সাংবাদিক” ও প্রভাবশালী উপদেষ্টারা তার ছবি ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে—“সমকামিতার অভিযোগে এনসিপি নেতা মুনতাসিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এতে মানুষ না বুঝে আমাকে গালি দিচ্ছে, আমার পরিবারকে অপমান করছে। দলের সর্বোচ্চ নেতাদের কাছে খবর পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া পাইনি। যেন আমি মরে গেলেই তারা খুশি।”
এনসিপির নেতৃত্বকে কঠোরভাবে সমালোচনা করে মুনতাসির বলেন,
“এনসিপি তার তৃণমূল নেতাকর্মীদের দাসের চেয়েও খারাপভাবে ট্রিট করে। তারা শুধু খাটিয়ে নেয়, কিন্তু কোনো সমর্থন দেয় না। পরিশ্রম করে গড়ে তোলা জায়গা নিজেদের লোক বসিয়ে ধ্বংস করে ফেলে।”

তিনি আরও দাবি করেন, “তৃণমূলের অনেক সহযোদ্ধা আমার পাশে আছে। প্রতিদিন সারাদেশ থেকে ৪০টির বেশি ফোন পাই—তারা ভালোবাসা জানায়, কিন্তু ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পারে না। নেতাদের জুলাই বিক্রির ঘটনায় তাদের ক্ষোভের শেষ নেই।”
মুনতাসির অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্ভাবনাকে নষ্ট করেছে কিছু গাদ্দার নেতা, যারা আজ ক্ষমতা ও সুবিধা ভোগ করছে।”
তার মতে, এই নেতারাই বিভাজন সৃষ্টি করে এনসিপি, আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন অংশে ভাঙন ঘটিয়েছে।

শেষে তিনি বলেন, “আমি সারাজীবন সৎভাবে রাজনীতি করেছি। মানুষই আমার মূল্যায়ন করবে। যারা জানেন আমি অন্যায়ের শিকার, তারা অনুগ্রহ করে সত্যটা জানান। আমি গে নই, আমি হাফেজ মুনতাসির মাহমুদ। এমন অপবাদ সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো।”
প্রোফাইল:
হাফেজ মুনতাসির মাহমুদ
- সাময়িক অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
- কেন্দ্রীয় সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪
- সাবেক শিক্ষার্থী: তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও সার্ক বিশ্ববিদ্যালয় (নয়াদিল্লি)।



















