বিএনপি ও ছাত্রদল নেতাদের জামিন না মঞ্জুর, আদালতের নির্দেশে কারাগারে
নিজস্ব প্রতিবেদক | ফেনী | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ফেনীর দাগনভূঞায় যুবদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও বহিষ্কৃত এক ছাত্রদল নেতাসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুদ্দৌলা কুতুবি এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন— বিএনপির সদস্য সাইফুর রহমান মতন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামশেদুর রহমান ফটিক, এবং দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবুল হোসেন বাহার।
একই মামলায় দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ টিপুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল আলম জানান, চার আসামির ছয় সপ্তাহের জামিন মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর এক আসামির জামিন নবায়ন করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২ আগস্ট দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার দিবসের বিজয় র্যালি চলাকালে স্থানীয় জিরোপয়েন্ট এলাকায় দলীয় কোন্দলকে কেন্দ্র করে নিজেদের প্রতিপক্ষের ওপর হামলা চালায় অপর একটি গ্রুপ। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
গুরুতর আহত যুবদল নেতা প্রকৌশলী এনামুল হক সোয়েল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সুস্থ হয়ে তিনি গত ২৮ আগস্ট বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে আসামি করে আদালতে মামলা করেন।


















